গাইড

বাংলায় AI-কে ভালো প্রশ্ন করার গাইড

গাইড · হালনাগাদ ১৪ নভেম্বর ২০২৬Moyna AI

এক লাইনের অস্পষ্ট প্রশ্নে উত্তরও আসে অস্পষ্ট। নিচের ৫টা নিয়ম মানলে প্রথমবারেই কাজের উত্তর পাওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতিটা নিয়মের সাথে আছে একটা দুর্বল প্রশ্ন, তার ভালো রূপ, আর কেন দ্বিতীয়টা কাজ করে। বাংলায়, English-এ বা মিশিয়ে — যেভাবে খুশি লিখতে পারেন।

01কে, কী, কার জন্য — এক লাইনে বলুন

আগে: "চাকরির জন্য একটা দরখাস্ত লিখে দাও।"
পরে: "আমি নোয়াখালীর মেয়ে, ইংরেজিতে অনার্স করেছি। একটা NGO-র 'ফিল্ড অফিসার' পদের জন্য বাংলায় একটা আবেদনপত্র লেখো, ১৫০ শব্দের মধ্যে। এলাকার মানুষের সাথে কাজের অভিজ্ঞতা আর মোটরসাইকেল চালাতে পারার কথা যেন থাকে।"
কেন কাজ করে: কে লিখছে, কোন পদের জন্য, কোন ভাষায়, কী কী কথা থাকবে — সব বলা আছে, তাই AI-কে নিজে থেকে কিছু বানিয়ে নিতে হয় না।

02কতটুকু চান, সেটা সংখ্যায় বলুন

আগে: "সালোকসংশ্লেষণ বুঝিয়ে দাও।"
পরে: "SSC জীববিজ্ঞানের 'সালোকসংশ্লেষণ' টপিকটা ৫টা পয়েন্টে বোঝাও, প্রতিটা এক লাইনে। শেষে ২টা জ্ঞানমূলক প্রশ্ন দাও, উত্তর ছাড়া।"
কেন কাজ করে: "৫টা পয়েন্ট", "এক লাইন", "২টা প্রশ্ন" — কতটুকু আর কী আকারে লিখতে হবে, AI ঠিক জানে।

03একটা উদাহরণ দিন

আগে: "আমার পিঠার দোকানের জন্য একটা ফেসবুক ক্যাপশন লেখো।"
পরে: "আমার হোম-মেড পিঠার পেজের জন্য ৩টা ফেসবুক ক্যাপশন লেখো, এই ধাঁচে: 'শীত এসেছে, চুলায় উঠেছে ভাপা। অর্ডার দিন আজই, ধানমন্ডিতে হোম ডেলিভারি।' প্রতিটা ২০ শব্দের মধ্যে।"
কেন কাজ করে: একটা আসল ক্যাপশন দেখালে লেখার দৈর্ঘ্য, সুর আর কোন তথ্য দরকার — সবই AI ধরে ফেলে।

04বাংলা না ইংরেজি — পরিষ্কার বলুন

আগে: "এটা অনুবাদ করো।"
পরে: "নিচের ইংরেজি নোটিশটা অফিসের জন্য শুদ্ধ চলিত বাংলায় অনুবাদ করো। নাম, তারিখ আর 'invoice', 'deadline' শব্দগুলো ইংরেজিতেই রাখো: [নোটিশটা পেস্ট করুন]"
কেন কাজ করে: কোন ভাষায়, কোন রীতিতে, কোন শব্দ বদলাবে না — আগে থেকে বলা থাকায় অনুবাদটা আপনার অফিসের মতো হয়।

05প্রথম উত্তরেই থামবেন না

আগে: উত্তর পছন্দ না হলে নতুন চ্যাট খুলে আবার শুরু করা।
পরে: একই চ্যাটে লিখুন: "চিঠিটা ওয়ার্ড কাউন্সিলরকে উদ্দেশ করে লেখো, এলাকার ড্রেন পরিষ্কারের আবেদন হিসেবে, আরও আনুষ্ঠানিক ভাষায়, ১২০ শব্দের মধ্যে।" তারপর: "এবার শেষে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধটা যোগ করো।"
কেন কাজ করে: একই চ্যাটের আগের কথাগুলো AI-এর সামনে থাকে, তাই প্রতিটা ছোট নির্দেশে একই চিঠি ভালো হয় — নতুন করে শুরু করতে হয় না।

06মনে রাখুন

AI ভুল করতে পারে — তারিখ, সংখ্যা, আইন বা স্বাস্থ্যের তথ্য সবসময় নিজে যাচাই করুন।

07কাজ ধরে ধরে ১০টা তৈরি prompt

#কাজPrompt (কপি করে ব্যবহার করুন)
1চাকরির আবেদন"আমি [বিষয়]-এ স্নাতক, [x] বছরের অভিজ্ঞতা। [কোম্পানি]-র [পদ]-এর জন্য একটা কভার লেটার লেখো, ইংরেজিতে, ২০০ শব্দে, বিনয়ী কিন্তু আত্মবিশ্বাসী।"
2পরীক্ষার প্রস্তুতি"HSC পদার্থবিজ্ঞানের 'নিউটনের গতিসূত্র' অধ্যায় থেকে ১০টা MCQ বানাও, উত্তর আর ছোট ব্যাখ্যা শেষে আলাদা করে দাও।"
3কঠিন বিষয় সহজে"ক্লাস এইটের একজন ছাত্রকে বোঝানোর মতো করে 'মুদ্রাস্ফীতি' ব্যাখ্যা করো, বাজারের উদাহরণ দিয়ে।"
4অনুবাদ"এই ইংরেজি ইমেইলটা ভদ্র অফিসিয়াল বাংলায় অনুবাদ করো, কিন্তু নাম আর তারিখ যেমন আছে রাখো: [পেস্ট]"
5ব্যবসার পোস্ট"আমার অনলাইন শাড়ির দোকানের জন্য ঈদের অফারের ৩টা ছোট Facebook পোস্ট লেখো — একটা মজার, একটা আবেগী, একটা সরাসরি অফার।"
6হিসাব"মাসে ২৫,০০০ টাকা আয়। বাসাভাড়া ৯,০০০, খাবার ৭,০০০। বাকি টাকায় একটা মাসিক বাজেট টেবিল বানাও, সঞ্চয়ের জন্য অন্তত ১০% রেখে।"
7মিটিং নোট"নিচের এলোমেলো নোট থেকে একটা মিটিং সারাংশ বানাও: সিদ্ধান্ত, কে কী করবে, শেষ তারিখ — টেবিলে। [পেস্ট]"
8ছবির আইডিয়া"পহেলা বৈশাখের একটা পোস্টারের জন্য ছবির বর্ণনা: লাল-সাদা শাড়ি, আলপনা, সকালের আলো, কোনো লেখা ছাড়া।"
9লেখা ঠিক করা"আমার এই লেখার বানান আর বাক্য ঠিক করো, কিন্তু আমার কথার ধরন বদলাবে না। কী কী বদলালে, শেষে তালিকা দাও। [পেস্ট]"
10গবেষণার শুরু"বাংলাদেশে মোবাইল ব্যাংকিং ব্যবহারের ওপর একটা স্কুল প্রজেক্টের জন্য ৫টা প্রশ্ন সাজাও যেগুলোর উত্তর আমাকে খুঁজতে হবে, আর কোন ধরনের উৎসে খুঁজব বলো।"

08এই গাইড সম্পর্কে

এই গাইডটি লিখেছে Moyna AI (ময়না এআই), ঢাকায় তৈরি একটি AI সেবা। এটি যেকোনো AI টুলের ক্ষেত্রেই খাটে।

09আরও দেখুন